ঐতিহাসিক এবং আইনি দরখাস্ত ট্রাইব্যুনালে দাখিল করলেন সিনিয়ার আইনজীবি মোঃ ইয়ান আলী ।

“ভারতের মহামান্য সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ গঠন করা উচিত ।”
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ৫০ বছরের অভিজ্ঞ আইনজীবী এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটার মোঃ ইয়ান আলী, আপিল ট্রাইব্যুনালের শুনানিতে তাঁর পিটিশনে উল্লেখ করেছেন যে, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) কার্যকর করা নির্বাচন কমিশনের সংবিধিবদ্ধ দায়িত্ব, কোনো আদালত বা ট্রাইব্যুনালের নয়। মহামান্য সুপ্রিম কোর্টের ভূমিকা হলো নির্বাচন কমিশন কর্তৃক সংঘটিত বেআইনি কার্যকলাপ ও অনিয়মসংক্রান্ত অভিযোগের বিচার করা।
তিনি আরও উল্লেখ করেন যে, SIR সংক্রান্ত শুনানির সময় নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের মধ্যকার মতবিরোধের প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্ট সরাসরি হস্তক্ষেপ করে মাঝপথেই SIR-এর দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয়। ফলস্বরূপ, তাঁর নিজের মতোই ৩৩ লক্ষাধিক নির্দোষ ও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যা ব্যাপক গণঅসন্তোষের ঝুঁকিযুক্ত এক গুরুতর পরিস্থিতি সৃষ্টি করেছে। এই অচলাবস্থার জন্য নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসন এবং প্রদত্ত বিচারিক নির্দেশ যৌথভাবে দায়ী। বর্তমান আপিল ট্রাইব্যুনাল ব্যবস্থা SIR থেকে উদ্ভূত এই কাঠামোগত সংকটের পর্যাপ্ত প্রতিকার করতে সক্ষম নয়। Authorities-এর পদ্ধতিগত ত্রুটির বিরূপ পরিণতি কোনোভাবেই একজন ভোটারের ওপর চাপিয়ে দেওয়া যায় না।
তিনি আপিল ট্রাইব্যুনালের নিকট অনুরোধ জানিয়েছেন যেন তাঁর পিটিশনের একটি অনুলিপি ভারতের মহামান্য প্রধান বিচারপতির নিকট প্রেরণ করা হয় এবং ২০০২ CRI L J, 2547 মামলায় প্রতিষ্ঠিত নীতিমালার আলোকে SIR সংক্রান্ত মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের সাংবিধানিক বৈধতা ও প্রভাব পর্যালোচনার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের একটি বিশেষ বেঞ্চ গঠনের সুপারিশ করা হয়। একইসঙ্গে, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট, ১৯৫০-এর ১৬, ১৯, ২২ ও ২৩(৪) ধারা এবং দ্য রেজিস্ট্রেশন অব ইলেক্টর্স রুলস, ১৯৬০-এর রুল ২১A লঙ্ঘন করে যাদের নাম বাদ দেওয়া হয়েছে, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের নাম পুনর্বহাল করতে বা পুনরায় নতুন করে সংশোধন প্রক্রিয়া পরিচালনা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া এবং দ্য রিপ্রেজেন্টশন অব পিপল য়াক্ট, ১৯৫০ আইনের ২১(২)(খ)এর বিধান লংঘনের ফলে সংবিধানের ১৪২ ধারার ক্ষমতা প্রয়োগে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বৈধতা নির্ধারণ করার আর্জিও তিনি জানিয়েছেন।



