
কাজল মিত্র, আসানসোল :- দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর উপর গণধর্ষণের অভিযোগে উত্তপ্ত রাজনৈতিক মহল। শনিবার সকালেই প্রতিবাদে রাস্তায় নেমে পড়লেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল। তাঁর নেতৃত্বে বার্নপুরের ত্রিবেণী মোড়ে বিজেপি কর্মীরা পথ অবরোধ করেন।
অগ্নিমিত্রা পাল ও তার সমর্থকেরা রাস্তায় বসে প্রতিবাদ জানান এবং আগুন জ্বালিয়ে ঘটনার নিন্দা করেন। তাদের দাবিতে সরব কণ্ঠে উঠে আসে নারী সুরক্ষা কোথায়? রাজ্যে আইনশৃঙ্খলা কোথায়?
অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের বলেন,
আজ পশ্চিমবঙ্গে কোনও মেয়েই সুরক্ষিত নয়। সুদূর ওড়িশা থেকে পড়তে এসে এক তরুণীকে গণধর্ষণের শিকার হতে হল! এটা লজ্জার, নিন্দনীয়। তিনি আরও বলেন, এ রাজ্যে অপরাধীদের শাসন চলছে। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণের রেট নিয়ে মন্তব্য করেন, তখন অপরাধীরা আরও বেপরোয়া হয়ে যায়। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত বিজেপি মহিলা মোর্চার সদস্যারা দোষীদের দ্রুত গ্রেফতার ও কড়া শাস্তির দাবি তোলেন। তাঁদের অভিযোগ, রাজ্যে মহিলাদের নিরাপত্তা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং প্রশাসন ইচ্ছে করেই নীরব ভূমিকা নিচ্ছে। অবরোধের জেরে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ত্রিবেণী মোড় থেকে বার্নপুর মেন রোড পর্যন্ত। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণের রেট নিয়ে কটাক্ষ করেন, আর তাতেই অপরাধীরা নিরঙ্কুশ হয়ে ওঠে। আজ পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা বললে কিছুই অবশিষ্ট নেই।



