লালগোলায় আম বাগানে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধার!

লালগোলা,শহিদুল্লাহ :- গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো লালগোলার কৃষ্ণপুর এলাকায়।মৃত গৃহবধূর নাম সুদিপা হালদার । এই ঘটনায় সুদিপার স্বামী শুভঙ্কর হালদার ও তাঁর পরিবারের বিরুদ্ধে পনের দাবিতে অত্যাচার ও খুনের অভিযোগ তুলে সরব হয়েছে নিহতের পরিবার। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর আগে লালগোলার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের গোলাপনগর এলাকার বাসিন্দা শুভঙ্কর হালদারের সঙ্গে ভালোবেসে বিয়ে হয়েছিল সুদিপার।অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় টাকার দাবিতে সুদিপার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত তাঁর শ্বশুরবাড়ির লোকজন।এদিন সকালেই সুদিপা তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু থানায় পৌঁছানোর আগেই কৃষ্ণপুরের একটি আম বাগানে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লালগোলা থানার পুলিশ। আমবাগান থেকে সুদিপার দেহ উদ্ধার করে দ্রুত কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।



